
নিজস্ব প্রতিবেদক, বাগমারা: রাজশাহীর বাগমারা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা বিএনপির আহবায়ক ও রাজশাহী-৪ (বাগমারা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়া।
“তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাংবাদিকদের উদ্দেশে ডিএম জিয়াউর রহমান জিয়া বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের বস্তুনিষ্ঠ লেখনীই সত্যকে মানুষের সামনে তুলে ধরে।
তিনি বলেন, “আপনারা কলম সৈনিক। নির্বাচনকালীন সময়সহ সবসময় আপনাদের পরামর্শ আমার জন্য পথনির্দেশক হবে। আমি মানুষ, ভুল হতে পারে- ভুল হলে দয়া করে সংশোধনের সুযোগ দেবেন।”
তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে বাগমারার সার্বিক উন্নয়নে নিজেকে নিবেদিত রাখবেন। উন্নয়ন পরিকল্পনায় সংবাদকর্মীসহ বিভিন্ন পেশাজীবীদের মতামতকে গুরুত্ব দেওয়ার আশ্বাস দেন তিনি।
কৃষিনির্ভর বাগমারার সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, পেঁয়াজ, আলু, পানসহ স্থানীয় কৃষিপণ্য সংরক্ষণে সরকারি প্রণোদনা ব্যবস্থার দিকে নজর দেওয়া হবে। মধ্যস্বত্বভোগীরা যাতে কৃষকের ক্ষতি করে লাভবান হতে না পারে সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
বাগমারার নদী, খাল ও বিলের পানি প্রবাহ সচল রাখার বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, দেশের নদীগুলোর পানি প্রবাহ ঠিক রাখতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে নির্দেশ দিয়েছেন, সেই আলোকে বাগমারাতেও সম্মিলিতভাবে কাজ করতে হবে। পানি প্রবাহ ঠিক থাকলে কৃষি, পরিবেশ ও জনজীবন- সবকিছুই সুফল পাবে বলে মন্তব্য করেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য সচিব সামসুজ্জোহা সরকার বাদশা, উপজেলা তাঁতিদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, সদস্য সচিব জাকিরুল রশীদ, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাবেক আহবায়ক আক্তারুজ্জামান বল্টু, হামিরকুৎসা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল শাহ, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান, ভবানীগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম, রাজশাহী জেলা ওলামা দলের সদস্য মকলেছুর রহমান মুকুল প্রমূখ।




