
নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে শোক ও বিজয় মিছিল করেছে উপজেলা বিএনপি।
সোমবার (৫ আগস্ট) দুপুরে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা তিনমাথা মোড় থেকে মিছিল শুরু করেন। মিছিলটি বাবু বাজার ও কেন্দ্রীয় ঈদগাহ এলাকা ঘুরে পুনরায় তিনমাথা মোড়ে এসে শেষ হয়। হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।
মিছিল শেষে তিনমাথা মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইছাহাক আলী সরকার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোস্তাফিজুর রহমান।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও রসুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন টিটু, আলহাজ্ব আরিফ কাওসার, সিনিয়র যুগ্ম সম্পাদক শফিউল্লাহ সোনার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু, কার্যনির্বাহী সদস্য সামাদ সোনারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতারা বক্তব্যে বলেন, একদলীয় ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের রায় ছিল ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ। ২০২৪ সালের ৫ আগস্ট সেই ঐতিহাসিক মুহূর্তের বিজয় উদযাপন আজ ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন হয়ে থাকবে।




