আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

ফেব্রুয়ারিতে নির্বাচন গণতন্ত্রের উত্তরণে সহায়ক হবে: মির্জা ফখরুল

:  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণায় দেশের রাজনৈতিক অচলাবস্থা কেটে যাবে এবং গণতন্ত্র উত্তরণের পথ সুগম হবে।

বুধবার (৬ আগস্ট) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদও উপস্থিত ছিলেন।

ফখরুল বলেন, “বিএনপি জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচন সময়সূচির ঘোষণাকে স্বাগত জানায়। আমরা মনে করি, এই নির্বাচন যেন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য হয়-সে জন্য সরকার ও নির্বাচন কমিশন প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।”

তিনি বলেন, “বিএনপি মনে করে, একটি কার্যকর সংসদ গঠনে এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সকল রাজনৈতিক দল ও জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।”

‘ফ্যাসিস্ট সরকারের’ বিরুদ্ধে সংগ্রামের চিত্র তুলে ধরেন

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, “গত ১৬ বছর ধরে দেশবাসী এক ভয়াবহ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করেছে। লাখো নেতাকর্মী গুম, খুন, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। আওয়ামী লীগ তিনটি জাতীয় নির্বাচনকে প্রহসনে পরিণত করে জনগণের ভোটাধিকার হরণ করেছে।”

তিনি আরও অভিযোগ করেন, “একদলীয় শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছে। রাষ্ট্রযন্ত্রকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। অর্থনীতি থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত দুর্বৃত্তায়নের শিকার হয়েছে। লুটপাট, টাকা পাচার, ব্যাংক দুর্নীতি, শেয়ার বাজার কেলেঙ্কারি সবই ছিল তাদের শাসনের অংশ।”

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলার কথা তুলে ধরে ফখরুল বলেন, “খালেদা জিয়াকে সাজানো মামলায় ১০ বছরের কারাদণ্ড দিয়ে ছয় বছর কারাগারে আটকে রাখা হয়েছিল। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধেও মিথ্যা মামলায় সাজা দিয়ে নেতৃত্বহীন করার চেষ্টা করা হয়েছে, কিন্তু সফল হয়নি।”

জুলাই ঘোষণাকে স্বাগত জানালো বিএনপি

প্রধান উপদেষ্টার ঘোষণার প্রতিক্রিয়ায় ফখরুল বলেন, “বিএনপি এই ঘোষণাপত্রকে স্বাগত জানায়। আমরা বিশ্বাস করি, এতে সব রাজনৈতিক দল ও পক্ষ যে অঙ্গীকার করেছে, তা বাস্তবায়নের মাধ্যমে একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের পথ উন্মুক্ত হবে।”

প্রসঙ্গত

গত ৫ আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবসে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জানান, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠি দেওয়ার ঘোষণাও দেন তিনি। এই ঘোষণাকে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল সাধুবাদ জানিয়েছে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *