আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

চারঘাটে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর চারঘাট উপজেলা বিএনপি ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৪টায় চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সহ-সভাপতি আকবর আলী সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ পাশা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জীবন, চারঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মতিন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওবাইদুল হক মিতুল, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মতলেবুর রহমান, তিতাস ও হৃদয়। এ সময় উপজেলা বিএনপি, চারঘাট পৌর বিএনপি, উপজেলা ছাত্রদল, পৌর যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মুরাদ পাশা বলেন, “শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধ্বংসে যারা ৫ আগস্টের পর দখলদারিত্ব ও সন্ত্রাসী কার্যকলাপ সৃষ্টি করছে তারা বিএনপির কেউ নয়। বিএনপির নেতাকর্মীরা সবসময় শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি করে আসছে। স্বৈরশাসক ফ্যাসিবাদী শেখ হাসিনার দোসররা বিএনপির ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে।” তিনি সকল নেতাকর্মীকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে খালেদা জিয়ার জন্মবার্ষিকী ও সুস্থতা কামনায় দোয়া করা হয় এবং বিগত আন্দোলনে নিহত বিএনপির নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *