
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে রাজশাহী জেলা যুবদলের উদ্যোগে বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ আগস্ট) বিকেলে নগরীর কাশিয়াডাঙ্গা রেল ক্রসিং এলাকার একটি সুবিধাবঞ্চিত হাফেজিয়া মাদ্রাসায় এ কর্মসূচি পালিত হয়। প্রথমে সেখানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া শেষে মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফায়সাল সরকার ডিকো, যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম অরণ্য, যুগ্ম আহ্বায়ক নাজমুস সাকিব সরকার প্লাবন।
আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য মো. অখলেসুর রহমান সাজিম, জেলা যুবদলের সদস্য ফরিদুল ইসলাম সাহেব, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম শফি, জেলা যুবদল নেতা আক্তারুল, নাদিম, জীবনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অন্যতম প্রতীক। তিনি দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তার জন্মদিন উপলক্ষে এই আয়োজনের মাধ্যমে দলীয় নেতাকর্মীরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।
তারা আরও বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে বহু গণতান্ত্রিক আন্দোলন সফল হয়েছে। বর্তমান প্রজন্ম তার রাজনৈতিক আদর্শকে ধারণ করে দেশের মানুষের কল্যাণে কাজ করবে।
কর্মসূচি শেষে স্থানীয় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হলে উপস্থিত সবাই এ উদ্যোগকে স্বাগত জানায় এবং যুবদল নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।




