
: জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিতকরণ এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে আয়োজনের দাবিতে দৃঢ় অবস্থান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (১ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরায় দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
কেন্দ্রীয় প্রচার বিভাগের পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলসহ নির্বাহী পরিষদের সব সদস্য উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা শেষে নেতারা জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন। সেই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে পিআর পদ্ধতির প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
জামায়াতের নেতারা বলেন, আগামী নির্বাচনের আগে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ সৃষ্টি করতে হবে এবং পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে।




