আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

বিএনপি সরকারে এলে জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে ব্যয় করা হবে: শামা ওবায়েদ – Padmatimes24

নিজস্ব প্রতিবেদক, রাবি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের ভোটে সরকার গঠন করতে পারলে শিক্ষা খাতে জিডিপির ন্যূনতম ৫ শতাংশ ব্যয় করবে বলে ঘোষণা দিয়েছেন দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

তিনি বলেন, “বিএনপির শিক্ষা ও গবেষণা নিয়ে আলাদা চিন্তাভাবনা রয়েছে। আমাদের ৩১ দফা কর্মসূচির ২৫ নম্বর পয়েন্টে শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে। আমরা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই, কারণ গবেষণা ছাড়া কোনো খাতের প্রকৃত সমস্যা চিহ্নিত করা যায় না।”

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বাংলাদেশ সোশিও কালচারাল ফোরাম (বিএসসিএফ) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। “বিজ্ঞান শিক্ষার নীতি ও বাস্তবতা: বাংলাদেশ প্রেক্ষিত” শীর্ষক এই আলোচনাটি ছিল তিন দিনব্যাপী অ্যাস্ট্রোক্যাম্পের সমাপনী পর্ব। এ ক্যাম্পে রাজশাহী ও বগুড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ১০০ শিক্ষার্থী অংশ নেন।

শিক্ষা ব্যবস্থার বর্তমান অবস্থা নিয়ে সমালোচনা করে শামা ওবায়েদ বলেন, “আমরা ছোটবেলায় শিখেছি- ‘শিক্ষাই জাতির মেরুদণ্ড’। এখন মনে হচ্ছে জাতির মেরুদণ্ড ভেঙে যাচ্ছে। আমাদের প্রথম ভুল হলো- আমরা সন্তানদের নিজেদের পছন্দ অনুযায়ী পড়তে দিই না। দ্বিতীয়ত, শিক্ষা এখন ব্যবসায় পরিণত হয়েছে।”

তিনি আরও বলেন, “গত ১৭ বছরে জেলায় জেলায় বিজ্ঞান ও প্রযুক্তি এবং কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে। বিশাল ভবন নির্মাণে কোটি কোটি টাকা খরচ হয়েছে, কিন্তু এসব প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ও প্রকল্প সংশ্লিষ্টদের দুর্নীতির সুযোগ করে দিতেই এসব বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে, প্রকৃত শিক্ষা উন্নয়নের জন্য নয়।”

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল কনসালটেটিভ পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, তরুণ নারী নেত্রী উমামা ফাতেমা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক রায়হানা শামস ইসলাম, ইন্সটিটিউট অব ইনফরমেটিকস অ্যান্ড ডেভেলপমেন্টের প্রধান নির্বাহী সাঈদ আহমেদ এবং রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *