
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় যোগ হয়েছেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও সনাতনী বিএনপি পরিবারের একাধিক নেতা। কেন্দ্রীয় থেকে শুরু করে বিভাগীয় ও জেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতাদের মধ্যেও মনোনয়ন নিয়ে চলছে আলোচনা।
এর মধ্যে রাজশাহীর তিনজন নেতার নাম আলোচনায় এসেছে। এরা হলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক রমেশ দত্ত, বিএনপির কেন্দ্রীয় সদস্য দেবাশীষ রায় মধু এবং রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার। এদের মধ্যে রমেশ দত্ত ও দেবাশীষ রায় মধু রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসন এবং বিশ্বনাথ সরকার রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে মনোনয়ন চান।
এছাড়া সনাতনী পরিবার থেকে মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় (ঢাকা-৩), ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী (মাগুরা-২), চেয়ারপারসনের উপদেষ্টা ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় চেয়ারম্যান বিজন কান্তি সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু (ঝিনাইদহ-১), কেন্দ্রীয় সহ-ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জন গোমেজ (নাটোর-৪), সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু (যশোর-৬), এবং নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী (ঢাকা)।
দলীয় সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ফ্রন্টের মহাসচিব ও যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক এস এন তরুণ দে, সুনামগঞ্জ-১ আসনে ফ্রন্টের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুদীপ রঞ্জন সেন বাপ্পু, মাদারীপুর-২ আসনে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মিল্টন বৈদ্য এবং নড়াইল-১ আসনে পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব আনন্দ সাহা মনোনয়ন প্রত্যাশী। খুলনা-১ আসনে যুবদল নেতা পার্থদেব মণ্ডলও ধানের শীষের টিকিটের দৌড়ে আছেন।
এছাড়া পটুয়াখালী-১ আসনে জেলা বিএনপির সভাপতি ও কল্যাণ ফ্রন্টের ভাইস চেয়ারম্যান স্নেহাংশু সরকার কুট্টি, রংপুর-২ আসনে সাবেক সাংসদ পরিতোষ চক্রবর্তী, ঠাকুরগাঁও-৩ আসনে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সুকুমার রায়, রাঙ্গামাটি জেলা থেকে অ্যাডভোকেট দীপেন দেওয়ান ও মনি স্বপন দেওয়ান, বান্দরবান থেকে সাচিং প্রু জেরী ও ম্যা মাচিং মার্মা, খাগড়াছড়ি থেকে সমীরণ দেওয়ান, সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে ফ্রন্টের আহ্বায়ক অশোক তালুকদার, এবং মানিকগঞ্জ-১ আসনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সত্যেন্দ্রনাথ পণ্ডিত ভজন বিএনপির মনোনয়ন প্রত্যাশী তালিকায় রয়েছেন।
বিএনপির স্থানীয় নেতারা জানিয়েছেন, এইসব নেতারা দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় এবং আওয়ামী লীগ সরকারের সময় নানা হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। তাদের মধ্যে অনেকেই বছর বছর কারাবন্দি থেকেও দলের কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রেখেছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর তারেক রহমানের ঘোষিত ৩১ দফা দাবি নিয়ে তারা সাধারণ মানুষের দোরগোড়ায় গিয়ে বিএনপির বার্তা পৌঁছে দিচ্ছেন।
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের শীর্ষ নেতারা জানান, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের অংশগ্রহণ ও সমঅধিকার নিশ্চিত করতে বিএনপির মনোনয়ন বোর্ডে তাদের পক্ষ থেকে যোগ্য প্রার্থীদের নাম প্রস্তাব করা হয়েছে।




