আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

সবাইকে সতর্কতার সঙ্গে কাজ করার আহবান মিনুর – Padmatimes24

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক রাসিক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, “এই নির্বাচন হবে গণতন্ত্র পুনরুদ্ধার ও ফ্যাসিস্ট নির্মুলের নির্বাচন। এজন্য নেতাকর্মীদের কোনোভাবেই কোনো ভুল করা যাবে না। সবাইকে সতর্কতার সঙ্গে কাজ করতে হবে।”

শনিবার বিকেলে নগরীর সাহেব বাজার এলাকার একটি চাইনিজ রেস্তোরেন্টে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় অংশ নেন রাজশাহী মহানগর, থানা ও ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মিনু বলেন, “আগামী নির্বাচনের মাধ্যমে প্রমাণ করতে হবে বিএনপি বাংলাদেশের সবচেয়ে গণতান্ত্রিক বড় দল। এজন্য যেখানে নেতাকর্মী ভালোভাবে কাজ করতে পারবেন, সেখানেই দায়িত্ব দেওয়া উচিত।”

তিনি অতীত নির্বাচনের উদাহরণ তুলে বলেন, “বিগত দিনে আমরা যেভাবে কাজ করেছি, সেই পদ্ধতিতে নির্বাচন পরিচালনা করতে হবে।”

তিনি আরও সতর্ক করেন, বিএনপি ও অঙ্গ সংগঠনের কিছু নেতাকর্মী দলীয় প্রধানদের ছবি অব্যবস্থাপনার কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য আহ্বান জানান। পাশাপাশি মহানগর বিএনপির নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন।

মিনু নেতা ও কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ‘ধানের শীষ’ প্রার্থীকে বিজয়ী করার জন্য সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, “দলে প্রতিযোগিতা থাকবেই, কিন্তু প্রতিহিংসা নয়। কেউ রাগ করলে তা ভুলে গিয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। প্রতিটি পাড়ায় নির্বাচনী কমিটি এবং সঠিক এজেন্ট নির্বাচন করা উচিত। এই কমিটিগুলো মহানগরের সিনিয়র নেতারা পরিচালনা করবেন। পাশাপাশি একটি উপদেষ্টা কমিটি গঠন করারও আহ্বান জানাচ্ছি।”

সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন। সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-উপদেষ্টা মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সাবেক সভাপতি এডভোকেট এরশাদ আলী ঈশা, নগর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা, আইনজীবী, শিক্ষক ও ব্যবসায়ীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ নির্বাচনের ক্ষেত্রে সম্পূর্ণ ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দেন এবং সকল ধরনের ষড়যন্ত্র রুখে দিতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *