
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে পাঁচ বছর ছয় মাস বয়সী সাবিহা এবং শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে মো. মিথু (৩০) মারা যান।
হাসপাতাল সূত্র জানায়, সাবিহাকে গত ৬ নভেম্বর ভোরে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়। জ্বর ও কাশিতে ভুগতে থাকা শিশুটির অবস্থার অবনতি হলে তাকে পেডিয়াট্রিক আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
অন্যদিকে পাঁচ দিন ধরে জ্বরে ভুগতে থাকা মিথুকে বৃহস্পতিবার রাত ১২টার দিকে হাসপাতালে আনা হয়েছিল। ভর্তি হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তার মৃত্যু হয়। নিহত দুজনেরই ভ্রমণের কোনো ইতিহাস ছিল না।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এর আগে গত বুধবার ডেঙ্গুতে আক্রান্ত ১০ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। চলতি বছর রাজশাহী মেডিকেলে মোট ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ৪০৫ জন। এর মধ্যে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৩৪৭ জন এবং মারা গেছেন ১৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ১৬ জন রোগী।
হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে বিশ্বাস বলেন, অনেক রোগী জ্বর হলে ফার্মেসি থেকে ওষুধ নেন কিন্তু পরীক্ষা করান না। ফলে রোগের জটিলতা বাড়ে। দেরিতে হাসপাতালে আনার কারণে অনেক সময় রোগীকে বাঁচানো সম্ভব হয় না। গতকাল মারা যাওয়া দুইজনও সময়মতো চিকিৎসা নেননি বলে তিনি উল্লেখ করেন।




