
: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডনযাত্রায় সঙ্গী হতে দেশে ফিরেই এভারকেয়ার হাসপাতালে ছুটে গেছেন পুত্রবধূ জুবাইদা রহমান। শুক্রবার সকাল ১১টা ৫৩ মিনিটে বসুন্ধরা আবাসিকে অবস্থিত এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তিনি।
এর আগে বেলা ১০টা ৪৫ মিনিটের দিকে জুবাইদাকে বহনকারী ফ্লাইট ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে বেলা সোয়া ১১টার দিকে তিনি সরাসরি হাসপাতালের উদ্দেশে রওনা দেন।
বিমানবন্দরে জুবাইদাকে অভ্যর্থনা জানান যুক্তরাজ্যের চিকিৎসক রিচার্ড বেলি, জুবাইদার বড় বোন শাহিনা খান জামান ও তার স্বামী অবসরপ্রাপ্ত এয়ার কমোডর সৈয়দ শফিউজ্জামান, বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনসহ দলের কয়েকজন নেতা। এসময় আরও উপস্থিত ছিলেন, চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলাম শামস, শারমীন আখতার ও অবসরপ্রাপ্ত মেজর মঈনুল হোসেন।
এদিকে, কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে শুক্রবার আসছে না। ফলে খালেদা জিয়ার লন্ডনযাত্রা পিছিয়ে গেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সব ঠিক থাকলে শনিবার এয়ার অ্যাম্বুলেন্স আসতে পারে।
তিনি বলেন, “ম্যাডামের শারীরিক অবস্থা ভ্রমণ উপযোগী হলে এবং মেডিকেল বোর্ড অনুমতি দিলে ইনশাল্লাহ ৭ তারিখ (রোববার) তিনি লন্ডনের উদ্দেশে রওনা দেবেন।”
বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ৭ জানুয়ারি কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হয়েছিল। চিকিৎসা শেষে তিনি চার মাস পর গত ৫ মে দেশে ফেরেন। তখন তার সঙ্গে ছিলেন পুত্রবধূ জুবাইদা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০০৮ সালে কারামুক্ত হয়ে স্ত্রী জুবাইদা ও মেয়ে জায়মাকে নিয়ে লন্ডনে যান। গত মে মাসে দেশে এসে প্রায় এক মাস অবস্থান শেষে গত ৫ জুন আবার লন্ডনে ফিরে যান তিনি।




