আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

জামায়াতের হিন্দু শাখা থেকে ৯ নেতার পদত্যাগ – Padmatimes24

: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জামায়াতে ইসলামীর হিন্দু শাখার নয় নেতা দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। শনিবার রাতে সাদুল্লাপুর ইউনিয়নের পিড়ারবাড়ি বাজারে সংবাদ সম্মেলন করে তাঁরা একসঙ্গে এ সিদ্ধান্তের ঘোষণা দেন।

লিখিত বক্তব্য পাঠ করেন হিন্দু শাখার ৮ নম্বর ওয়ার্ড সভাপতি মনোজ মল্লিক ওরফে ঝন্টু। তিনি জানান, পরিবার ও সমাজের চাপের কারণে তাঁরা সভাপতি, সহসভাপতি, উপদেষ্টা ও সদস্যপদসহ সব ধরনের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। মাত্র কয়েক দিন আগে, ১ ডিসেম্বর সাদুল্লাপুর ইউনিয়নে এ কমিটি গঠিত হয়েছিল।

পদত্যাগকারী নেতারা হলেন- সভাপতি মনোজ মল্লিক, সহসভাপতি বিমল বালা, উপদেষ্টা নারায়ণ হালদার, সদস্য দুলাল মল্লিক, সবুজ মল্লিক, সুভাষ মধু, প্রকাশ সরকার, প্রদীপ ঢালী ও শিশির মল্লিক।

পদত্যাগের ঘোষণা দেওয়ার সময় তাঁরা জানান, পরিস্থিতি বিবেচনায় দলীয় কর্মকাণ্ডে সক্রিয় থাকা তাঁদের জন্য কঠিন হয়ে উঠেছিল।

এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি ফরিদ উদ্দিন মাসউদ বলেন, “সম্প্রতি কমিটি হয়েছে ঠিকই, তবে পদত্যাগের বিষয়ে এখনো জানি না।”

অন্যদিকে, একইদিন টুঙ্গিপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এহিয়া শেখ দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। গোপালগঞ্জ লঞ্চঘাটের একটি বাসায় সংবাদ সম্মেলনে তিনি জানান, “আজ থেকে আওয়ামী লীগের কোনো পদে বা কার্যক্রমে আমার সম্পৃক্ততা থাকবে না।”

একই দিনে দুই দলের দুই শাখার নেতাদের এমন পদত্যাগ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *