
: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। তিনি বলেন, রাষ্ট্রপতির স্বাক্ষর ব্যতীত কোনো আদেশ আইনি বৈধতা পেতে পারে না।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বুধবার রাতের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মির্জা ফখরুল বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাব ও সুপারিশ একপাক্ষিক, প্রহসনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণা। তিনি অভিযোগ করেন, কিছু দফা অগোচরে পরিবর্তন করে তা জোর করে জাতির ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, প্রস্তাবনাগুলো ২৭০ দিনের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমেদ ও মেজর (অব.) হাফিজ উদ্দিন উপস্থিত ছিলেন।




