
নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বুধবার (২৯ অক্টোবর) পুঠিয়ায় ৩১ দফা কর্মসূচি প্রচার ও গণসংযোগ করেছেন।
সন্ধ্যায় শিবপুর হাটে সংক্ষিপ্ত পথসভা, ধলাট, ছান্দাবাড়ী ও ছত্রগাছা এলাকায় গণসংযোগ শেষে চক ধাদাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করার আহ্বান জানান। এছাড়া মনোনয়ন নিশ্চিত হওয়ার পর মিষ্টি বিতরণ বা আনন্দ মিছিল না করার নির্দেশনা দিয়েছেন।
অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায়, বেগম খালেদা জিয়ার ১৭ বছরের ত্যাগ ও নির্যাতন মনে রেখে দলের প্রতি একতাবদ্ধ থাকা অত্যন্ত জরুরি।” তিনি আশা প্রকাশ করেন, এই কর্মসূচি আসন্ন নির্বাচনে পুঠিয়া-দুর্গাপুর আসনে বিএনপির ঐক্যবদ্ধ শক্তি প্রদর্শনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আলোচনা সভায় রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফারুক রায়হান, জেলা যুবদলের সদস্য রানা মন্ডল, পুঠিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি সোহেল রানা, সাবেক সাংগঠনিক সম্পাদক ধলু, বেলপুকুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ আলী, সদস্য সচিব মাসুদ রানা, শিবপুর হাট ও চক ধাদাশ ওয়ার্ড বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।




