
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : আগামী ভোটের মাঠে বিএনপির নারী জাগরণে সিরাজগঞ্জের এনায়েতপুরে মহিলা দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে থানার খামারগ্রাম ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম।
এ সময় স্থানীয় মহিলা দলনেত্রী আলেয়া বেগমের সভাপতিত্বে সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা সাইদুল ইসলাম, বেলকুচি উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক বনি আমিন, এনায়েতপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর রহমান মঞ্জু শিকদার, বিএনপি নেতা আনোয়ার হোসেন খান, লাকী মল্লিক, আব্দুল খালেক শেখ, যুবদল নেতা জাহিদ হোসেন জহুরুল, ছাত্রদল নেতা সোহাগ শিকদার, ইমতিয়াজ হাসান মোল্লা, প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি প্রার্থী আমিরুল ইসলাম খান আলিম বলেন, জামাতের নেতারাদের বক্তব্যের সমালোচনা করে বলেন, তারা বলেন দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে। এমন নিয়ম থাকলে কালেমা নামাজ রোজা হজ্ব যাকাত কিছুই থাকতো না। ধর্মীয় বিধান না মেনে শুধু জামাতের দাঁড়িপাল্লায় ভোট দিলে যদি বেহেস্তে যাওয়া যেত, তাহলে আল্লাহ পাক ইসলামে নামাজ রোজা হজ্ব যাকাত এগুলো মানুষকে পালন করতে বলতেন না। তারা মানুষের ধর্মীয় অনুভূতি ব্যবহার করে এসব গুজব রটাচ্ছে। পৃথিবীর অন্যান্য ইসলামী রাষ্ট্রে নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা নেই। তাহলে তারা কি ভালো কাজ করে ইসলাম ধর্মের আদর্শ মেনে বেহেস্তে যাবে না। বিএনপি দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে। তাই সবাই আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেবেন।




