আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

‘জামায়াতের সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি’

: বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বিএনপিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার (১৯ জুলাই) বিকেলে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

তিনি জানান, সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘জামায়াতের এই সমাবেশে বিএনপির কাউকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি। বিএনপির পক্ষ থেকেও কেউ সেখানে অংশ নেয়নি।’

এর আগে দুপুর ২টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের মূল কার্যক্রম শুরু হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের সূচনা করা হয়।

জাতীয় নির্বাচন সামনে রেখে সাত দফা দাবিতে জামায়াত এই সমাবেশের আয়োজন করে। দলটির দাবি, নতুন নির্বাচনকালীন সরকার গঠন, ৭২’র সংবিধান বাতিল, নতুন সংবিধান প্রণয়ন, নির্বাচন কমিশন পুনর্গঠন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, রাজনৈতিক নিপীড়ন বন্ধ এবং সকল বন্দির মুক্তি।

সমাবেশ শুরুর আগেই সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সকাল থেকে ঢাকাসহ আশপাশের জেলা থেকে মিছিল নিয়ে কর্মী-সমর্থকরা জমায়েত হতে থাকেন।

সমাবেশে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। এছাড়া এনসিপি নেতা সারজিস আলমসহ কিছু সমমনা দলের নেতাদেরও সেখানে বক্তব্য রেখেছেন।

রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সকাল থেকেই কঠোর নিরাপত্তা জারি ছিল। পুলিশ, র‍্যাব, গোয়েন্দা সংস্থা ও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সমাবেশস্থল ও আশপাশের এলাকায় অবস্থান নেয়।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *