আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

অন্তর্বর্তী সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন তারেক রহমান

: অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে সুষ্ঠু নির্বাচন আদৌ সম্ভব কি না—এ প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, সরকারের কোনো একটি অংশের সহায়তায় উদ্দেশ্যমূলকভাবে দেশে অস্থিরতা তৈরি করা হচ্ছে কি না—এ নিয়েও জনমনে প্রশ্ন রয়েছে।

শনিবার (১৯ জুলাই) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জুলাই আন্দোলনের শহীদ ছাত্রদের স্মরণে জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, “যে সরকার জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ব্যর্থ, তারা কীভাবে সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে, তা এখন আর আলাদা করে বলা লাগে না। সাম্প্রতিক কয়েকটি নৃশংস ঘটনার পর দেশের মানুষ সরকারের সক্ষমতা নিয়েই সন্দেহ পোষণ করছে।”

তিনি আরও বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠায় এমন একটি নির্বাচনী ব্যবস্থা প্রয়োজন, যেখানে জনগণ ভয়হীনভাবে ভোট দিতে পারবে। জনগণের ক্ষমতায়ন না হলে কোনো আয়োজনই টেকসই হবে না।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তারেক রহমান বলেন, “গণতন্ত্রে বিশ্বাসী জনগণ এবং রাজনৈতিক দলগুলো আপনাদের পাশে থাকবে, যদি আপনাদের ভূমিকা আরও স্বচ্ছ ও সাহসী হয়।”

তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। কোনো আবেগতাড়িত বা ভুল সিদ্ধান্তের কারণে যেন আর ফ্যাসিবাদ কিংবা চরমপন্থা রাজনীতিতে ফিরে না আসে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল থাকতে হবে।

স্মরণসভায় আরও বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *