
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন হলেও নতুন কমিটি ঘোষণা করা হয়নি। পুরনো কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে এবং নতুন কমিটি না আসা পর্যন্ত মহানগর বিএনপির দায়িত্বভার থাকবে দলের কেন্দ্রীয় কমিটির দুই নেতার হাতে।
রোববার সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রাতেই সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক বজলুল হক মন্টু জানান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও রাজশাহী বিভাগের সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের নির্দেশে পুরনো কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এই অবস্থায় দায়িত্ব পালন করবেন কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগের দুই সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম আলীম ও এএইচএম ওবায়দুর রহমান চন্দন।
এর আগে ২০২১ সালের ১০ ডিসেম্বর ৬১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা হয়েছিল। তবে দীর্ঘ প্রায় সাড়ে তিন বছর কমিটির কার্যক্রম থাকলেও নেতৃত্ব ঘাটতি ও অভ্যন্তরীণ বিরোধের কারণে কার্যত কমিটি অচল ছিল। এর ফলে দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া পর্যন্ত পরিস্থিতি সৃষ্টি হয়।
দলের একাংশের তীব্র দাবি ও কর্মসূচির পর ১৫ বছর পর রোববার আনুষ্ঠানিক সম্মেলন অনুষ্ঠিত হলো। তবে ভোটাভুটি ও নতুন কমিটি গঠনের বদলে কাউন্সিলর-ডেলিগেটদের উপস্থিতিতে সম্মেলন শেষ হয়।




