
: পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একইসঙ্গে জাতীয় সনদসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১৮ সেপ্টেম্বর ঢাকায়, ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর সারাদেশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে মোহাম্মদ তাহের বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া গণঅভ্যুত্থান ব্যর্থতায় পর্যবসিত হতে পারে। তিনি আরও উল্লেখ করেন, একই দাবিতে অনেক রাজনৈতিক দল আন্দোলনে নামতে পারে, তবে এটিকে আপাতত যুগপৎ আন্দোলন বলতে রাজি নন তিনি।
তিনি জানান, জুলাইয়ের চেতনায় বিশ্বাসী বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে এবং ভবিষ্যতে যৌথ আন্দোলনের সম্ভাবনাও খোলা রয়েছে।




