আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

স্বতন্ত্র প্রার্থী হতে এনসিপি থেকে পরিমল চন্দ্র ওঁরাওয়ের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী মহানগর সমন্বয় কমিটি থেকে পদত্যাগ করেছেন সদস্য পরিমল চন্দ্র ওঁরাও। সোমবার দিবাগত রাতে তিনি এনসিপির রাজশাহী মহানগর সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারীর কাছে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে পরিমল চন্দ্র লেখেন, ‘সম্প্রতি ব্যক্তিগত জীবনে কিছু নতুন দায়িত্ব ও উদ্যোগের কারণে আমার সময় ও মনোযোগ সম্পূর্ণভাবে সেদিকে দিতে হচ্ছে। এই পরিস্থিতিতে দলের কাজের প্রতি আগের মতো মনোনিবেশ করা সম্ভব হচ্ছে না, যা দলের প্রতি অন্যায় হবে বলে মনে করি।’

পরিমল চন্দ্র ওঁরাও বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সাবেক সদস্য। নওগাঁর মহাদেবপুর উপজেলার বাসিন্দা হলেও তিনি দীর্ঘদিন রাজশাহীতে অবস্থান করছিলেন। সেই সুবাদে তিনি এনসিপির রাজশাহী মহানগর সমন্বয় কমিটিতে সদস্য পদ পান। তবে এখন তিনি নিজ জেলা নওগাঁয় রাজনৈতিক কার্যক্রম শুরু করতে চান।

যোগাযোগ করা হলে পরিমল চন্দ্র ওঁরাও বলেন, “আমি নওগাঁ-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাই। তাই এনসিপি থেকে পদত্যাগ করেছি। আমি আর এনসিপির সঙ্গে যুক্ত থাকছি না।”

এ বিষয়ে এনসিপির রাজশাহী মহানগর সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী বলেন, “পরিমল চন্দ্র ওঁরাওয়ের পদত্যাগপত্র আমরা পেয়েছি। বিষয়টি দলের নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।”

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *