
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, “সনাতন ধর্মের উৎসব সবার। সমাজকে রাজনীতির ঊর্ধ্বে রাখলে কোনো ধর্মীয় বিভাজন থাকবে না, সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করতে পারবে।”
শনিবার সকালে সিরাজগঞ্জের এসএস রোডে মওলানা ভাসানী কলেজের সামনে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি অভিযোগ করেন, অতীতে আওয়ামী লীগ রাজনৈতিক ফায়দা নিতে ধর্মের নামে বিভাজন সৃষ্টি করেছে। স্বাধীনতার পর বিরোধী মতের মানুষদের দমন এবং সনাতন ধর্মাবলম্বীদের ঘরবাড়ি দখলের ঘটনাও ঘটিয়েছে।
টুকু বলেন, “জুলাই-আগস্টের গণআন্দোলন ও গণঅভ্যুত্থানের পর ফ্যাসিস্ট সরকারের পতনের পর আমি সনাতন ধর্মাবলম্বীদের আশ্বস্ত করেছি—আপনারা নির্ভয়ে বসবাস করুন, ব্যবসা-বাণিজ্য চালিয়ে যান। আমার স্বপ্ন, সিরাজগঞ্জকে রেইনবো শহরে রূপান্তর করা, যেখানে সব ধর্ম-বর্ণের মানুষের সহাবস্থান থাকবে।”
আলোচনা সভায় জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট কল্যাণ সাহার সভাপতিত্বে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ও সহ-সভাপতি অমর কৃষ্ণ দাস বক্তব্য রাখেন। পরে জন্মাষ্টমী উদযাপন কমিটি শহরে আনন্দ শোভাযাত্রা বের করে।




