আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

বাগমারায় খাদ্য কর্মকর্তার ওপর হামলার ঘটনায় অভিযুক্ত চেয়ারম্যান শাফিক বিএনপি থেকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় সরকারি কর্মকর্তার ওপর হামলা ও সাংবাদিকের ফোন কেড়ে নেওয়ার ঘটনায় আউচপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান ডিএম শাফিকুল ইসলাম শাফিকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল ও সদস্য সচিব বিশ্বনাথ সরকারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ নিয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নবী নওয়াজেস আমিন ও খাদ্য পরিদর্শককে লাঞ্ছিত করেন চেয়ারম্যান শাফিকুল ইসলাম ও তার সমর্থকরা। এসময় ঘটনাটি ধারণ করতে গেলে প্রথম আলোর এক সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়, পরে তা ফেরত দেওয়া হয়।

এ ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক থানায় সাধারণ ডায়েরি করেছেন। বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শাফিকুল ইসলাম ঘটনার সময় উপজেলা পরিষদে উপস্থিত থাকার কথা স্বীকার করলেও হামলার অভিযোগ অস্বীকার করেন। তবে তিনি সাংবাদিক ও খাদ্য কর্মকর্তাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন।

এর আগে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগে চেয়ারম্যান শাফিকুল ইসলামকে বরখাস্ত করা হলেও আদালতের রায়ে কয়েক মাস আগে তিনি পুনর্বহাল হন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *