আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

লাঠিপেটায় নুরুল হকসহ বহুজন আহত – Padmatimes24

: রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় এ ঘটনা ঘটে। এতে গণ অধিকারের সভাপতি নুরুল হক নুরসহ দুই দলের বহুজন এবং আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য আহত হন।

গণ অধিকার পরিষদের দাবি, জাপার নেতাকর্মীরাই তাঁদের ওপর হামলা চালিয়েছে। তবে জাপা বলছে, গণ অধিকার পরিষদই প্রথমে হামলা করেছে। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে নুরুল হক গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, নুরুল হকের মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে। তিনি অভিযোগ করেন, পুলিশ ও সেনাবাহিনী সরাসরি তাঁদের ওপর হামলা চালিয়েছে।

এদিকে জাপার মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, গণ অধিকার পরিষদ জাপাকে নিষিদ্ধ করার দাবিতে সভা করে এবং কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় ইটপাটকেল ছোড়ে। এতে জাপার কয়েকজন রক্তাক্ত হন। এরপর পাল্টাপাল্টি ধাওয়া হয়। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তি দাবি করেন।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন, দুই পক্ষের সংঘর্ষে ইটপাটকেল নিক্ষেপ হয় এবং পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। পুলিশ ও সেনাবাহিনী গিয়ে তা নিয়ন্ত্রণে আনে। এ সময় কয়েকজন পুলিশ সদস্যও আহত হন। আইএসপিআর জানায়, সংঘর্ষে সেনাবাহিনীর পাঁচ সদস্যও আহত হয়েছেন। তারা জানায়, আইনশৃঙ্খলা বাহিনী শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করলেও উভয়পক্ষ তা উপেক্ষা করে সহিংসতা বাড়ায়, ফলে বলপ্রয়োগ করতে বাধ্য হতে হয়।

নুরুল হকের ওপর হামলার নিন্দা জানিয়েছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রাতে তারা পৃথকভাবে বিক্ষোভ করে। আইন উপদেষ্টা আসিফ নজরুলও ঢাকা মেডিকেলে গিয়ে আহতদের দেখতে যান।

রাত সাড়ে ৯টার দিকে গণ অধিকার পরিষদ সংবাদ সম্মেলন করে এ ঘটনার জন্য সরকার ও জাপাকে দায়ী করে এবং ২৪ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা দাবি করে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *