
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্র মেরামতের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দিতে গণসংযোগ ও পথসভা করেছেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কে এম জুয়েল।
শুক্রবার (২৯ আগস্ট) দিনব্যাপী রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও বাজার এলাকায় তিনি এ কর্মসূচি পরিচালনা করেন। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কে এম জুয়েল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে নিজেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে পরিচিত করান।
প্রথমে তিনি কাকনহাট পৌরসভা এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। পরে ক্রমান্বয়ে গোদাগাড়ী ইউনিয়নের আইহায় মোড়, গোগ্রাম ইউনিয়নের বটতলী মোড়, জগপুর মোড়, তেরপাড়া মোড় ও গোগ্রাম মোড়ে পথসভা করেন।
এছাড়া দেওপাড়া ইউনিয়নের দেওপাড়া মোড়, পালপুর, ধরমপুর বাজার ও কদমশহর বাজারে গণসংযোগ শেষে ঋষিকুল ইউনিয়নের চব্বিশনগর মোড়ে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি টানেন।
এ সময় ব্যবসায়ী, পথচারী ও স্থানীয়দের হাতে বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচির প্রচারপত্র বিতরণ করেন কে এম জুয়েল।
গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “এই কর্মসূচি বাস্তবায়ন করতে হলে জনগণের সরকার প্রতিষ্ঠা জরুরি। তাই ধানের শীষে ভোট দিয়ে জনগণের রাষ্ট্রীয় অধিকার নিশ্চিত করতে হবে। এজন্যই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা প্রণয়ন করেছেন। এই ৩১ দফাই রাষ্ট্র মেরামতের রূপরেখা।”




