আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

এনসিপির শীর্ষ নেতারা যেসব আসনে ভোট করতে চান – Padmatimes24

: ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার বেশ কয়েকটি আসনে নির্বাচনে অংশ নিতে চান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ পর্যায়ের নেতারা। এসব আসনে বিএনপির সঙ্গে আসন সমঝোতা নিয়ে চলছে তাঁদের অনানুষ্ঠানিক আলোচনা। তবে ইতিমধ্যে সেই আসনগুলোর বেশিরভাগেই প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।

দলীয় সূত্রে জানা গেছে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ আসন থেকে নির্বাচন করতে আগ্রহী। সদস্যসচিব আখতার হোসেন রংপুর-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পছন্দের আসন ঢাকা-১৮ বা চাঁদপুর-৫। জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ঢাকা-৯ আসন থেকে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন।

এছাড়া এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড়-১ আসনে এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। দলের জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদও নোয়াখালী-৬ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।

গত সোমবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই তালিকায় এনসিপির আলোচিত নেতাদের পছন্দের আসনগুলোর মধ্যে শুধু ঢাকা-৯ ও ঢাকা-১৮ আসন ছাড়া সবগুলোতেই প্রার্থী দিয়েছে বিএনপি। যে দুটি আসন ফাঁকা রাখা হয়েছে, সেগুলো এনসিপির প্রার্থীদের জন্য কিনা- তা এখনও নিশ্চিত নয়।

দলটির আরও অর্ধশতাধিক কেন্দ্রীয় নেতা আসন্ন নির্বাচনে অংশ নিতে আগ্রহী। তাঁদের মধ্যে আছেন মনিরা শারমিন নওগাঁ-৫, সারোয়ার তুষার নরসিংদী-২, আতিক মুজাহিদ কুড়িগ্রাম-২, আবদুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জ-৪, এস এম সাইফ মোস্তাফিজ সিরাজগঞ্জ-৬, আশরাফ উদ্দীন ব্রাহ্মণবাড়িয়া-২ এবং জয়নাল আবেদীন কুমিল্লা-১০।

এনসিপি সূত্রে জানা যায়, ছাত্র প্রতিনিধি হিসেবে বর্তমান অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সরাসরি এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত না হলেও দলটির সিদ্ধান্তে তাঁদের প্রভাব রয়েছে।

সূত্র আরও জানায়, বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলে আসিফ মাহমুদ সরকার থেকে পদত্যাগ করে ঢাকা-১০ আসনে নির্বাচন করতে পারেন- যা এনসিপির ব্যানারে বা স্বতন্ত্রভাবেও হতে পারে। একইভাবে, বিএনপির সমর্থন পেলে মাহফুজ আলম লক্ষ্মীপুর-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

উল্লেখ্য, বিএনপি ঢাকা-১০ ও লক্ষ্মীপুর-১ আসন ফাঁকা রেখেছে। তবে এই দুই আসন আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের জন্য সংরক্ষিত কিনা, তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। লক্ষ্মীপুর-১ আসনে বিএনপি নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনের শরিক বাংলাদেশ এলডিপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিমকে সবুজ সংকেত দিয়েছে দলটি।

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, “জাতীয় স্বার্থে অবস্থানগত ঐক্য হলে ফ্যাসিবাদবিরোধী যেকোনো দলের সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতা হতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। আমরা প্রার্থী তালিকা তৈরি করছি, শিগগিরই তা প্রকাশ করা হবে।”

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *