
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার বিকেলে পবা উপজেলা ও নওহাটা পৌর বিএনপি আয়োজিত বিজয় র্যালি ও সমাবেশে সরকারের কড়া সমালোচনা করেছেন বিএনপি নেতারা।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, “আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে। অর্থনৈতিক সংকট ও বেকারত্বের কারণে দেশ দুর্ভিক্ষের মুখে পড়ছে। একটি গণতান্ত্রিক সরকার ছাড়া এই অবস্থা থেকে উত্তরণ সম্ভব নয়।”
তিনি বলেন, “যারা নির্বাচন চায় না, তারা ভারতের দালাল। আর কিছু ‘টোকাই’ নির্বাচন পেছাতে বলছে— কারণ তারা জানে, নির্বাচিত সরকার আসলে তাদের চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে।”
তিনি আরও বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা ফুলেফেঁপে উঠেছে, তাদেরও দুর্নীতির বিচার হবে।”
আব্দুস সালাম হুঁশিয়ারি দিয়ে বলেন, “ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিতে হবে। না দিলে বিএনপি কী তা সবাই দেখবে। সারাদেশে মিছিলের বন্যা বয়ে যাবে।”
তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে বলেন, “সাবেক প্রধানমন্ত্রী খুনি হাসিনা বিদেশে বসে দেশ নিয়ে ষড়যন্ত্র করছেন, ভিডিও কলে নির্দেশ দিচ্ছেন। ছাত্র সংগঠনকে অগ্রাধিকার দিয়ে বিএনপির আন্দোলন দমাতে চাচ্ছেন, কিন্তু তা সম্ভব নয়।”
এ সময় তিনি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলনকে পবা-মোহনপুর আসনের প্রার্থী হিসেবে জনসম্মুখে উপস্থাপন করেন এবং তাঁর পাশে থাকার আহ্বান জানান।
মিলনের বক্তব্য
প্রধান বক্তা শফিকুল হক মিলন বলেন, “বিএনপির ১৭ বছরের আন্দোলনের সময়ে ৬০ লাখ নেতাকর্মীর নামে মামলা, ২০ হাজার হত্যাকাণ্ড এবং শত শত গুম হয়েছে। খুনি হাসিনা শিশু পর্যন্ত রেহাই দেয়নি। তিনি এখন আন্দোলনের মুখে পালিয়ে ভারতে গেছেন।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ ও তাদের দোসররা দেশে ফ্যাসিবাদ কায়েম করতে চায়, কিন্তু জনগণ এবার আর তাদের সুযোগ দেবে না। বিএনপিকে নিয়ে যে ষড়যন্ত্র চলছে, তা প্রতিহত করতে সবাইকে রাজপথে নামতে হবে।”
অন্যান্য উপস্থিতি ও র্যালি
সভায় সভাপতিত্ব করেন নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক। সঞ্চালনায় ছিলেন পবা উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট রাকিবুর ইসলাম পিটার।
বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, জেলা বিএনপির সদস্য ও নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ ও আব্দুস সালাম মাস্টারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশ শেষে শফিকুল হক মিলনের নেতৃত্বে একটি বিজয় র্যালি বের করা হয়। নওহাটা কলেজ থেকে শুরু হয়ে পৌর বাজার ঘুরে আবার কলেজে গিয়ে শেষ হয়। র্যালিতে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।




