
: বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, শাপলা চত্বরের শহীদদের স্বীকৃতি ও জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না। একই সঙ্গে তিনি ঘোষণা দেন, বাহাত্তরের সংবিধান বাংলার মাটিতে চলতে দেওয়া হবে না।
শুক্রবার রাতে ঢাকার ধুপাখোলা মাঠে বাংলাদেশ জাতীয় সিরাত কমিটি আয়োজিত সিরাতুন্নবী মহাসম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় মঞ্চে তার পাশের চেয়ারে বসে ছিলেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
নির্বাচন প্রসঙ্গে মামুনুল হক বলেন,
“নির্বাচন অনেক পরের কথা। আগে শাপলা চত্বরের শহীদদের রক্তের স্বীকৃতি দিতে হবে। চব্বিশের জুলাই যোদ্ধাদের রক্তের দাবিকে প্রতিষ্ঠা করতে হবে। বাহাত্তরের সংবিধান বাংলার মাটিতে কার্যকর হতে দেওয়া হবে না।”
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন,
“জুলাই যোদ্ধা ও শহীদদের নামে ভাস্কর্য নির্মাণের নামে কোনো খেলা হলে সেই ভাস্কর্য ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। শেখ মুজিবুর রহমান কিংবা শহীদ জিয়াউর রহমানের ভাস্কর্যের সঙ্গেও একই আচরণ করা হবে। আদর্শের জায়গায় কোনো আপস নেই।”
মামুনুল হক অভিযোগ করেন, বাহাত্তরের সংবিধান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে বিকৃত করেছে এবং বাংলাদেশকে ভারতের আধিপত্যের কাছে সমর্পণ করেছে। তার ভাষায়,
“আগামীর বাংলাদেশ বাহাত্তরের চেতনার নামে একাত্তরের চেতনাকে হত্যার ষড়যন্ত্র প্রতিহত করবে। ভারতীয় আধিপত্যবাদের চেতনা এ দেশে আর চলতে দেওয়া হবে না।”




