
: জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠাসহ পাঁচ দফা দাবিতে ১১ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। মঙ্গলবার দলের আমির মামুনুল হক ও মহাসচিব জালালুদ্দীন আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি জানানো হয়।
কর্মসূচি অনুযায়ী ১ থেকে ৯ অক্টোবর পর্যন্ত সারাদেশে গণসংযোগ, ১০ অক্টোবর ঢাকায় গণমিছিল এবং ১২ অক্টোবর সারাদেশে জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি প্রদান করা হবে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই সনদ ও পাঁচ দফা দাবি কেবল খেলাফত মজলিসের নয়, বরং দল-মত-ধর্ম নির্বিশেষে এদেশের প্রতিটি মানুষের প্রাণের দাবি। এটি স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলামী মূল্যবোধ এবং জনগণের মৌলিক অধিকার সুরক্ষার একমাত্র পথ।
জনগণের ধৈর্যের সীমা শেষ হয়ে গেছে উল্লেখ করে বিবৃতিতে সতর্ক করা হয়-আর কোনো ছলচাতুরি বা কালক্ষেপণের সুযোগ নেই। পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে অবিলম্বে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ, আগামী নির্বাচনে প্রকৃত লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা এবং জাতীয় সংসদের উচ্চকক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতি (পিআর) বাস্তবায়ন। এসব দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
এর আগে গত ১২ সেপ্টেম্বর খেলাফত মজলিস প্রথম দফায় সারাদেশে তিন দিনের বিক্ষোভ কর্মসূচি পালন করে। একই কর্মসূচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ইসলামি ধারার অন্যান্য দলও অংশ নেয়।




