আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

গোদাগাড়ীতে পুজামণ্ডপে অনুদান দিলেন বিএনপির মনোনয়নপ্রত্যাশী তারেক

নিজস্ব প্রতিবেদক: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে আর্থিক অনুদান ও উপহার দিয়েছেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক।

সোমবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত তিনি বিশাল গাড়িবহর নিয়ে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ৯টি ইউনিয়নের ৪২টি পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় তিনি পূজারিদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। প্রতিটি পূজামণ্ডপ কমিটির হাতে নগদ পাঁচ হাজার টাকা আর্থিক অনুদান এবং একটি করে ফুটবল তুলে দেন তিনি। এছাড়াও পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে থাকা প্রতিটি টিমকে দুই হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন।

পূজামণ্ডপ পরিদর্শনকালে সর্বত্র উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও পূজামণ্ডপ কমিটির সদস্যরা বিএনপি নেতার এ উদ্যোগকে স্বাগত জানান এবং তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ সময় বক্তব্যে সুলতানুল ইসলাম তারেক বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমি আপনাদের সঙ্গে দেখা করতে এসেছি। তিনি আমাদের নির্দেশ দিয়েছেন যাতে আমরা সব ধর্ম-বর্ণের মানুষের খোঁজখবর রাখি, তাদের সুখে-দুঃখে পাশে দাঁড়াই এবং বিশেষ করে দুর্গাপূজার মতো গুরুত্বপূর্ণ উৎসবে হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন নির্বিঘ্নে ও নিরাপদে উৎসব পালন করতে পারে- সে বিষয়ে সজাগ থাকি।”

তিনি আরও বলেন, “বিএনপি সব ধর্ম-বর্ণের মানুষের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। অতীতেও যেমন হিন্দু সম্প্রদায়ের পাশে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমি ব্যক্তিগতভাবেও সবসময় আপনাদের সুখ-দুঃখ ভাগাভাগি করার চেষ্টা করেছি, আগামীতেও করবো। আমার দরজা আপনাদের জন্য সবসময় খোলা।”

মণ্ডপ পরিদর্শনকালে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সনাতন ধর্মাবলম্বীদের মণ্ডপ ও মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *