
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসচেতনতামূলক প্রচারণা ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হরিপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মিছিল-পূর্ব সমাবেশে বক্তব্য দিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং পবা-মোহনপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন।
সমাবেশে তিনি বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে দীর্ঘদিন ধরে আন্দোলনে অংশ নেওয়া তরুণরাই দেশের নতুন প্রজন্মের ‘মুক্তিযোদ্ধার ভূমিকা’ পালন করছে। তিনি দাবি করেন, রাজনৈতিক গতিশীলতার ধারাবাহিকতায় ২০২৪ সালের আন্দোলনে তরুণদের ত্যাগ-তিতিক্ষাই গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তিনি বলেন, “আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে সামনে রেখে একটি মহল বিভ্রান্তি সৃষ্টি ও রাজনৈতিক অস্থিরতা বাড়ানোর চেষ্টা করছে। কখনও নির্বাচনী পদ্ধতি বদলের দাবি, কখনও গণভোট- এভাবে নানা ইস্যু তুলছে।”
তিনি উল্লেখ করেন, বিএনপি ২০১৬ সাল থেকে ‘ভিশন ২০৩০’ এবং পরে ২০২৩ সালে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ নিয়ে কাজ করছে। তারেক রহমান ঘোষিত এ দফাগুলো দেশ পরিচালনার রূপরেখা বলেও তিনি মন্তব্য করেন।
ধানের শীষ প্রতীককে জনগণের ঐক্য ও প্রত্যাশার প্রতীক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “এই প্রতীক ব্যক্তির নয়, জনগণের। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ভাবনাও এই প্রতীকের সঙ্গে জড়িত।”
বক্তৃতায় তিনি জনগণকে বিভ্রান্তিমূলক প্রচারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানান এবং ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান করেন। বক্তব্য শেষে হরিপুর বাজার থেকে একটি প্রচারণামূলক মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার বাজার এলাকায় এসে শেষ হয়। এতে ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এছাড়া একই দিন সকাল সাড়ে ১০টায় নওহাটা পৌরসভার তেঘর দাখিল মাদ্রাসা যুবদলের উদ্যোগে আয়োজিত মেডিকেল ক্যাম্পেইনের উদ্বোধন করেন এডভোকেট শফিকুল হক মিলন।




