
নিজস্ব প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁ-২ (পত্নীতলা–ধামইরহাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সামসুজ্জোহা খান জোহাকে সমর্থন জানিয়ে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। তরুণ প্রজন্মকে উজ্জীবিত করা এবং ধানের শীষের পক্ষে জনসমর্থন জোরদার করতে এ শোভাযাত্রার আয়োজন করা হয়।
শনিবার (৬ ডিসেম্বর) সকালে নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে নজিপুর গোলচত্বরে পথসভা করে। সেখানে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়। পরে শোভাযাত্রা পত্নীতলা ও ধামইরহাট উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গণজোয়ারে রূপ নেয়।
ছাদ খোলা মাইক্রোবাসে দাঁড়িয়ে হাত নেড়ে এলাকাবাসীর অভিনন্দন গ্রহণ করেন বিএনপির এমপি পদপ্রার্থী সামসুজ্জোহা খান জোহা। তার সঙ্গে ছিলেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলি।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন পত্নীতলা উপজেলা বিএনপির সভাপতি মোকসেদুল হক সিরি। এ সময় ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদ, সাধারণ সম্পাদক হানজালা, ধামইরহাট পৌর বিএনপির সভাপতি শহিদুর রহমান, পত্নীতলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও রমজান আলী, উপজেলা মহিলা দলের সভানেত্রী মরিয়ম বেগম শেফা, নজিপুর পৌর বিএনপির সভাপতি মামুন হোসেনসহ দুই উপজেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রায় ২০ হাজার মোটরসাইকেলের ২০ কিলোমিটার দীর্ঘ শোভাযাত্রা এলাকাজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে, যা জনমানুষের গণজোয়ারে পরিণত হয়।




