
নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর: রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি এবং রাজশাহী–৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন বলেছেন, “ভোট একটি পবিত্র আমানত। তাই যাকে-তাকে ভোট দেওয়া যায় না। ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ কাঠামো গড়তে ইসলামী শক্তিকে বিজয়ী করা এখন সময়ের দাবি।”
শুক্রবার সকাল সাড়ে ৯টায় দুর্গাপুর ফাজিল মাদরাসা মাঠে জামায়াতে ইসলামী উলামা বিভাগের উদ্যোগে আয়োজিত আলেম সমাজের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সমাবেশে নুরুজ্জামান লিটন আরও বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ন্যায়, শান্তি ও উন্নয়নের জন্য দেশের মানুষ ইসলামপন্থী শক্তির ওপর আস্থা রাখছে। একটি শান্তিময় ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় আলেম সমাজকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে।”
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা উলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ ফজলুল বারী সোহরাব। সঞ্চালনা করেন বিভাগটির সেক্রেটারি ড. সেলিম রেজা খান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অঞ্চল টিম সদস্য রেজাউর রহমান। দারস পেশ করেন মাওলানা এফএম ইসমাইল আলম আল হাছানী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা উলামা বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মো. শহীদুল ইসলাম।
এছাড়া আসন কমিটির পরিচালক অধ্যাপক মিনহাজুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার সাইফুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাস্টার শামীম উদ্দিন, অধ্যক্ষ মাওলানা আবু তালেব, মাওলানা আক্কাস আলী ও মাওলানা আব্দুল জব্বারসহ আরও অনেকেই বক্তব্য রাখেন।
বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে শান্তি, ন্যায় ও স্থিতিশীলতার পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।



