
: বহুল প্রতীক্ষিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠিত হলেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এতে অংশগ্রহণ করেনি। দলটির সদস্য সচিব আখতার হোসেন শনিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে জানান, সনদের আইনি ভিত্তি না থাকার কারণে এবং বাস্তবায়নের সঠিক রূপরেখা না দেখায় এনসিপি অনুষ্ঠানে যায়নি।
আখতার বলেন, জুলাই যোদ্ধাদের ওপর হামলার নিন্দা ও বিচার দাবিও এনসিপি জানিয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলামসহ সিনিয়র নেতারা।
এর আগে শুক্রবার এনসিপি জানিয়েছিল, তারা জুলাই সনদকে শুধু রাজনৈতিক সমঝোতার দলিল বা ফাঁকা প্রতিশ্রুতি হিসেবে দেখেন না। সনদের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশে স্বৈরতান্ত্রিক শাসনের অবসান এবং গণতান্ত্রিক রূপান্তর। এজন্য এ সনদের সুস্পষ্ট আইনি ও সাংবিধানিক ভিত্তি থাকা প্রয়োজন।
দলটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, জুলাই সনদে স্বাক্ষর করা হবে শুধুমাত্র তখনই, যখন সনদ বাস্তবায়নের পূর্ণাঙ্গ রূপরেখা ও আদেশ দেখানো হবে। এনসিপি মনে করে, বাস্তবায়ন পদ্ধতির উল্লেখ ছাড়া সনদে স্বাক্ষর করা জনগণের সঙ্গে প্রতারণার সমান।




