
সাইদ সাজু, তানোর: রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মরহুম ব্যারিস্টার আমিনুল হকের স্মরণে এবং মেজর জেনারেল শরিফ উদ্দিনের পক্ষে মঙ্গলবার সকালে এ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
পাঁচন্দর ইউনিয়ন বিএনপি, যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বনকেশর ব্রিজঘাটসহ বিভিন্ন এলাকায় বন্যায় ঘরবাড়ি ভেঙে ক্ষতিগ্রস্ত প্রায় ৫০টি পরিবারের মাঝে চাল, ডাল, আলু ও অন্যান্য শুকনা খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক লুৎফর রহমান। প্রধান অতিথি ছিলেন পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি ও কোয়েলহাট কলেজের সহকারী অধ্যাপক মুজিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন রশিদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গাফফার, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান লাটু, যুবদল সদস্য সচিব কামরুল ইসলাম, কৃষকদলের সদস্য সচিব মোতালেব হোসেনসহ অঙ্গ সংগঠনের নেতারা।
ইউনিয়ন যুবদল আহ্বায়ক লুৎফর রহমান জানান, বনকেশর ব্রিজঘাট এলাকায় ক্ষতিগ্রস্তদের খাদ্যসামগ্রী বিতরণ শেষে বুধবার মোহাম্মদপুর এলাকায় সহায়তা দেওয়া হবে। ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আকস্মিক বন্যায় পাঁচন্দর ইউনিয়নের বেনকেশর, মোহাম্মদপুর, কাজীজিয়া ও কুন্দাইনসহ বিভিন্ন এলাকায় শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার ৫০টি পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে, বাকিদের আগামীকাল প্রদান করা হবে।




