আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল – Padmatimes24

: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে, আর সেই উগ্রবাদ ছড়িয়ে দিয়ে জাতিকে বিভক্ত করার চেষ্টা চলছে।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে ময়মনসিংহ টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রথম জাতীয় প্রতিনিধি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ষড়যন্ত্র যাতে সফল না হয়, সেজন্য সজাগ থাকতে হবে। বাংলাদেশে সবাই সমান অধিকার ভোগ করবে। এখানে সংখ্যালঘু বলতে কিছু থাকবে না।”

ফখরুল বলেন, “ফ্যাসিস্ট সরকারের দীর্ঘ নির্যাতন ও দুঃশাসনের পর একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ তৈরি করার সুযোগ এসেছে। এ নতুন বাংলাদেশে প্রত্যেক মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠিত করতে হবে।”

জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সদস্যদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, “আজকে যারা মনে করছেন, আপনারা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্য-বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় বলেন, কখনও এ কথা বলা যাবে না। সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘু বলে কোনো বিভাজন থাকবে না। আমরা সবাই বাংলাদেশি, সবার অধিকার সমান।”

তিনি আরও বলেন, “অতীতে সবসময় আপনাদের প্রতি সুবিচার করা সম্ভব হয়নি। তবে আমি বিশ্বাস করি, তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফাই বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির মূল চাবিকাঠি। সেখানে ‘রেইনবো বাংলাদেশ’ ও ‘রেইনবো জাতি’ গড়ার কথা বলা হয়েছে।”

বিএনপি মহাসচিব বলেন, “আপনাদের সবাইকে নিয়ে সত্যিকারের রেইনবো জাতি গঠন করতে চাই। আজকে দুঃখের সঙ্গে বলতে হয়, নির্বাচন বানচাল করতে একটি গোষ্ঠী চেষ্টা করছে। বিভিন্ন ধরনের উগ্রবাদের কথা বলে মানুষকে বিভক্ত করতে চাইছে। আমাদের দায়িত্ব হবে, ১৯৭১ সালে যেমন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান, ক্ষুদ্র জাতি-বড় জাতি সবাই একসঙ্গে লড়াই করেছিল, সেইভাবেই আবার আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য একসঙ্গে কাজ করতে হবে।”

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *