
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে অনুষ্ঠিত রুকন সম্মেলন-২০২৫ এ প্রধান অতিথি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, চাঁদাবাজি ও লুটপাটমুক্ত দেশ গড়তে পিআর (প্রতিশত ভিত্তিক) পদ্ধতিতে নির্বাচন অপরিহার্য।
তিনি উল্লেখ করেন, বিগত দেড়দশক ধরে স্বৈরশাসক শেখ হাসিনা দেশের মানুষকে জিম্মি করে ভোটাধিকার হরণ করেছেন, এবং নতুন কোনো জিম্মিদশায় মানুষ বন্দি হতে চায় না।
অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, দেশের রাজনীতি, অর্থনীতি ও রাষ্ট্রীয় ব্যবস্থায় কোরআন ও সুন্নাহর বিধান কার্যকর করা গেলে মানুষের মুক্তি, শান্তি ও সমৃদ্ধি সম্ভব। তিনি বলেন, জামায়াতে ইসলামী সেই লক্ষ্য অর্জনের প্রচেষ্টা চালাচ্ছে।
তিনি নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে জানান, “আমরা অধিকার আদায়ের লড়াই চালাচ্ছি। জনগণ পিআর পদ্ধতি বুঝলেও কিছু দল তা স্বীকার করছে না। এর মানে তারা পুরোনো নীতি চালু রাখতে চায়। আমরা বিশ্বাস করি জনগণ সেই নীতি ও আদর্শ প্রত্যাখ্যান করবে না।”
মানবিক মূল্যবোধ সম্পন্ন নেতৃত্বের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য এমন নেতৃত্ব অপরিহার্য। জামায়াতে ইসলামী সেই নৈতিক নেতৃত্ব তৈরিতে কাজ করছে।
সম্মেলনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর আমীর ড. মাওলানা কেরামত আলী, যৌথ সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল ও সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহাদৎ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান, এ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের এবং কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগরী নায়েবে আমীর এ্যাড. আবু মোহাম্মদ সেলিম, নায়েবে আমীর ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুব আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, এাণ ও পুনর্বাসন সেক্রেটারি অধ্যাপক আবুল কালাম আজাদ, শিল্প ও বাণিজ্য সেক্রেটারি অধ্যাপক একেএম সারওয়ার জাহান প্রিন্স, অফিস সেক্রেটারি তৌহিদুর রহমান সুইট এবং যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ।




