
: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু। মোরগ প্রতীকে তিনি ২৬৬ ভোট পেয়ে পদে নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি ইউনিয়নের সহসভাপতির দায়িত্বও পালন করেছেন।
অন্যদিকে, সভাপতি পদে জয়ী হয়েছেন মো. অলি উল্যা, যিনি ছাতা প্রতীকে ২৫৫ ভোট অর্জন করেছেন। সাংগঠনিক সম্পাদক পদে জাহাঙ্গীর আলম সম্রাট মাছ প্রতীকে ২৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে ইছাপুর ইউনিয়নের শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ে, যেখানে মোট ৪৫৩ জন ভোটার অংশগ্রহণ করেন।
প্রতিনিধি নির্বাচনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএলডিপির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাৎ হোসেন সেলিম, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি ইমাম হোসেন এবং ঢাকা মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি এল রহমান প্রমুখ।




