আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

বাগমারায় কৃষক নেতা লাঞ্ছিত, শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, বাগমারাা: রাজশাহীর বাগমারায় কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা চালকল কমিটির সভাপতি মনিরুজ্জামান চঞ্চলকে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা কৃষক দল। বৃহস্পতিবার বিকেল ৪টায় বাগমারা প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মনিরুজ্জামান চঞ্চল লিখিত বক্তব্যে বলেন, সম্প্রতি উপজেলার ভবানীগঞ্জ সরকারি খাদ্যগুদামে নিম্নমানের চালের সন্ধান পায় উপজেলা প্রশাসন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা গুদামটি সিলগালা করেন। ৭ সেপ্টেম্বর সরকারি কর্মকর্তারা চাল পরীক্ষা করতে গুদামে গেলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় ভবানীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডিএম শাহীন ও জাতীয়তাবাদী তাঁতী দলের আহ্বায়ক মামুনুর রশীদ মামুন পরিকল্পিতভাবে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

ঘটনার পর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং কৃষক দলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে ৯ সেপ্টেম্বর পৌর বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও তাঁতী দলের নেতারা সংবাদ সম্মেলন করে অভিযোগ অস্বীকার করেন। তারা শারীরিক লাঞ্ছনার অভিযোগ নাকচ করলেও ধাক্কাধাক্কির বিষয়টি স্বীকার করেন। এর পর থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে কৃষক দলের নেতারা ঘটনার সঠিক তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানান। তারা প্রশাসনসহ বিএনপি, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও তাঁতী দলের শীর্ষ নেতাদের কাছে বিচারের আবেদন জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মাষ্টার জিল্লুর রহমান ও সান্টু মোল্লাহ, দ্বীপপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি সেকেন্দার আলী, ঝিকরা ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম, যোগীপাড়া ইউনিয়নের সভাপতি মোজাফফর আলী, গনিপুর ইউনিয়নের সভাপতি আফজাল হোসেন, মাড়িয়া ইউনিয়নের সভাপতি দিপু মেম্বার, যোগীপাড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক আলম সাহেবসহ আরও অনেকে। বক্তারা ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার আহ্বান জানান।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *