আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

নারীদের জন্য তারেক রহমানের ৬ অঙ্গীকার – Padmatimes24

: নারী ও কন্যাশিশুদের স্বপ্নপূরণের পথে রাষ্ট্রকে সহযাত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, দেশ পরিচালনার সুযোগ পেলে নারীসমাজের মর্যাদা, নিরাপত্তা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে ছয়টি অঙ্গীকার বাস্তবায়ন করবে বিএনপি।

শনিবার আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব অঙ্গীকার ঘোষণা করেন। তারেক রহমান বলেন, “প্রত্যেক মেয়ের স্বপ্ন দেখার, শেখার, নেতৃত্ব দেওয়ার এবং মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার আছে—এটাই আমাদের বিশ্বাস।”

তার অঙ্গীকারগুলো হলো-

নারী গৃহপ্রধানদের নামে ‘ফ্যামিলি কার্ড’ চালু করে সরাসরি আর্থিক সহায়তা দেওয়া।

নারী উদ্যোক্তাদের জন্য এসএমই ঋণ, প্রশিক্ষণ ও অর্থায়নের ব্যবস্থা করা।

মেয়েদের জন্য শক্তিশালী একাডেমিক ও কারিগরি শিক্ষা সম্প্রসারণ।

রাজনীতি, প্রশাসন ও নীতি প্রণয়নে নারীর অংশগ্রহণ বৃদ্ধি।

মর্যাদা ও স্বাধীনতার সুরক্ষা- যাতে মেয়েরা ভয়মুক্তভাবে চলাফেরা ও মত প্রকাশ করতে পারে।

পরিবার ও সামাজিক কল্যাণকে রাষ্ট্রীয় নীতির কেন্দ্রে রাখা।

তিনি বলেন, বিএনপি সরকারের রয়েছে জীবন বদলে দেওয়ার ঐতিহ্য। প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৈরি পোশাকশিল্প গড়ে তুলে লাখো নারীর কর্মসংস্থান সৃষ্টি করেছিলেন এবং ‘মহিলাবিষয়ক মন্ত্রণালয়’ প্রতিষ্ঠা করে নারী উন্নয়নকে প্রাতিষ্ঠানিক রূপ দেন।

এছাড়া সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে মেয়েদের জন্য বিনামূল্যে শিক্ষা ও ‘শিক্ষার বিনিময়ে খাদ্য’ কর্মসূচি চালু হয়েছিল, যা নারী শিক্ষায় বৈপ্লবিক পরিবর্তন আনে। তার উদ্যোগে শুরু হওয়া ফিমেল সেকেন্ডারি স্কুল অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট মাধ্যমিক শিক্ষায় লিঙ্গসমতা প্রতিষ্ঠা করে এবং শিশুবিবাহ রোধে সফল হয়।

তারেক রহমান বলেন, “আমাদের স্বপ্ন এমন এক বাংলাদেশ, যেখানে প্রতিটি মেয়ে স্বাধীনতা, নিরাপত্তা ও সুযোগের সমান অধিকার ভোগ করবে।”

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *