
: বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সভাস্থলের বাইরে দুটি হাত বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। সোমবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে জেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, একটি হাত বোমা সভাস্থলের বাইরে বিস্ফোরিত হয়, অপরটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও এনসিপির জেলা সমন্বয় সভায় তেমন বিঘ্ন হয়নি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ, সিআইডির ক্রাইম সিন ইউনিট ও বোমা নিষ্ক্রিয়করণ দল মোতায়েন করা হয় এবং অবিস্ফোরিত বোমাটি উদ্ধার করা হয়।
এর আগে বেলা পৌনে ৩টার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠসংলগ্ন এলাকায় এনসিপির অস্থায়ী কার্যালয় উদ্বোধন করেন সারজিস আলম। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
সারজিস আলম বলেন, “মানুষ এখনো জুলাই অভ্যুত্থানের কথা শুনলে শিউরে ওঠে। এই দেশের মানুষের সামনে নতুন করে কেউ স্বেচ্ছাচারিতা করতে পারবে না, যদি জুলাই সনদের আইনগত ভিত্তি ও বিচারিক প্রক্রিয়া দৃশ্যমান হয়।”
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করলে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজন করা সম্ভব।
সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহাদী। স্থানীয় এনসিপি নেতারা অভিযোগ করেন, পুলিশ কাছে বারবার নিরাপত্তা চাওয়া হলেও পর্যাপ্ত নিরাপত্তা দেয়া হয়নি; যার কারণে সভাস্থল লক্ষ্য করে হাত বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।
তবে বগুড়া সদর থানার ওসি হাসান বাসির বলেছেন, জেলা পরিষদের চারপাশ নিরাপত্তা দেয়ালে ঘেরা ছিল এবং পর্যাপ্তসংখ্যক পুলিশ প্রধান গেটে দায়িত্ব পালন করছিল। তার মতে, পেছনের এক ভবন থেকে কে বা কারা দুটি হাত বোমা নিক্ষেপ করেছে। হতাহতের ঘটনা না ঘটায় সভা শেষে সারজিস আলম নিরাপদে ঢাকার উদ্দেশে রওনা হন।




