আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

জুবায়েদ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইন হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী মহানগর ছাত্রদল। রোববার (১৯ অক্টোবর) রাত ১০টার দিকে নগরীর আলোকা মোড় থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জিরোপয়েন্টে গিয়ে শেষ হয়।

মিছিলে রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিন রায়হান রবিন, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের আহ্বায়ক অন্তর, রাজশাহী কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মান্নাত, রাজশাহী সিটি কলেজের যুগ্ম আহ্বায়ক মাহি, রাজশাহী কলেজ ছাত্রনেতা জুবায়ের সাহিল, পলিটেকনিক ইনস্টিটিউটের নেতা সবুজ ও রিফাত, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দপ্তর সম্পাদক সাকিন, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ, বোয়ালিয়া ওয়ার্ডের উত্তর ও দক্ষিণের সভাপতি হিমেল ও তন্ময়সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “৫ আগস্টের পর আমরা ভেবেছিলাম দেশে নিরাপত্তা ফিরবে। কিন্তু একের পর এক ছাত্রদল নেতা-কর্মীকে হত্যা করা হচ্ছে। সর্বশেষ জুবায়েদকে নির্মমভাবে হত্যা করা হলো। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”

এদিকে জুবায়েদ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও। রোববার রাতে বংশাল থানার সামনে অবস্থান নিয়ে তারা এই দাবি জানান। শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, সোমবার (২০ অক্টোবর) দুপুর ১২টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার না করা হলে বংশাল থানা ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হবে।

এ ঘটনায় জুবায়েদ হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ঢাকা মহানগর মহিলা কলেজের শিক্ষার্থী বর্ষা নামের এক এইচএসসি পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। রোববার রাত ১১টা ২০ মিনিটের দিকে বংশালের নূর বক্স রোডের রৌশান ভিলা থেকে তাকে আটক করা হয়। জানা গেছে, জুবায়েদ ওই শিক্ষার্থীর টিউটর ছিলেন এবং নিয়মিত তার বাসায় গিয়ে পড়াতেন।

এর আগে রোববার সন্ধ্যায় পুরান ঢাকার আরমানিটোলার পানির পাম্প গলির একটি বাসা থেকে জুবায়েদ হোসাইনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুবায়েদের বাড়ি কুমিল্লায়। তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *