
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী এ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক সম্প্রতি অনলাইন মাধ্যমগুলোতে প্রচারিত ‘দলের সফট সিগনাল’ সংক্রান্ত সংবাদকে ভুয়া ও ভিত্তিহীন বলে দাবি করেছেন।
শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, “সম্প্রতি কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত হয়েছে যে রাজশাহী-১ আসনে দলীয় প্রার্থী নির্ধারণে আমার প্রতি দলের সফট সিগনাল রয়েছে- এমন বক্তব্য আমি কোথাও দিইনি। এটি সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য এবং উদ্দেশ্যমূলক সংবাদ।”
তিনি আরও বলেন, “আমার ধারণা, কোনো ভুল বা বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে এই সংবাদটি প্রচারিত হয়েছে। আমি আমার সকল শুভাকাঙ্ক্ষী, সমর্থক ও নেতাকর্মীদের অনুরোধ করছি- এই ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রচার বা শেয়ার করা থেকে বিরত থাকুন। একই সঙ্গে সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমগুলোকে অনুরোধ করছি, তারা যেন এই মিথ্যা সংবাদটি প্রচার বন্ধ করে।”
এ্যাড. সুলতানুল ইসলাম তারেক বলেন, “আমরা সবাই বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ। সব ধরনের ভুল বোঝাবুঝি ও সমস্যার সমাধান করে আমরা একসঙ্গে কাজ করব। জনগণের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করে ইনশাআল্লাহ আমরা বিজয় নিশ্চিত করব।”




