আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

চাঁদাবাজ, দখলকারী বিএনপির সদস্য হতে পারবেন না: রিজভী – Padmatimes24

: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যাঁরা সমাজে চাঁদাবাজি করেন, মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করেন, নদীর বালু বা অন্যের জমি দখল করেন- তাঁরা বিএনপির সদস্য হতে পারবেন না।

বুধবার দুপুরে নরসিংদীর মাধবদীর একটি রিসোর্টে জেলা বিএনপি আয়োজিত নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, “বিএনপি এমন একটি সংগঠন, যেখানে সজ্জন মানুষ, ভালো মানুষ, অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, কৃষক ও রিকশাচালক সবাই সদস্য হতে পারবেন। তবে হাসিনার আমলে যারা মানুষ হত্যা করেছে, রক্তাক্ত করেছে জনপদের পর জনপদ, তারা বিএনপির সদস্য হওয়ার যোগ্য নন।”

তিনি আরও বলেন, “শেখ হাসিনা গণতন্ত্র ধ্বংস করেছেন, গণতন্ত্রকে গোরস্থানে পাঠিয়েছেন।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা সভাপতি খায়রুল কবির খোকন। প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম।

বিশেষ অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম (আজাদ), স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন এবং স্বেচ্ছাসেবকবিষয়ক সহসম্পাদক আবদুল কাদির ভুইয়া (জুয়েল)। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী।

বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, “আগামী নির্বাচনের পথ ফুলে ভরা হবে না; এটি হবে কাঁটায় ভরা পথ। অনেক বাধা পেরোতে হবে।”

জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, “চব্বিশের আন্দোলনে তারা অংশ নিলেও এখন ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তাদের বক্তব্য এখন শেখ হাসিনার কথার সঙ্গে মিলে যাচ্ছে। যদি আপনারা নির্বাচনে বাধা হন, তাহলে পালিয়ে যাওয়া দলের সঙ্গে আপনাদের পার্থক্য কোথায়?”

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *