আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

সিরাজগঞ্জ-৪ আসনের বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ৯৫ বছর বয়সী এম আকবর আলীকে ‘অকার্যকর’ উল্লেখ করে তাঁকে পরিবর্তনের দাবিতে উল্লাপাড়ায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য ইকরামুল ফয়সাল সিপলু, উল্লাপাড়া পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম আওলীয়া, জেলা যুবদল নেতা আকরাম হোসেন ওয়ারেস, উপজেলা যুবদলের সদস্য সচিব নিক্সন কুমার আমীন প্রমুখ।

বক্তারা বলেন, এম আকবর আলীর বয়স ৯৫ বছরের বেশি হওয়ায় তিনি শারীরিকভাবে সম্পূর্ণ অক্ষম। কয়েকজনের সহায়তা ছাড়া চলাচলই সম্ভব হয় না; এমন অবস্থায় নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করা তাঁর পক্ষে অসম্ভব বলেই মনে করেন তারা।

নেতাকর্মীদের অভিযোগ, মনোনীত হওয়ার পর থেকে আকবর আলী উগ্র আচরণ করছেন। কেউ সমালোচনা করলে তিনি নেতাকর্মীদের প্রতি উদ্ধতভাবে ‘ভোটের দরকার নেই’ -এমন মন্তব্যও করেন। এর আগে নির্বাচনে তিনি জামানত হারিয়েছেন।

গত ১৭ বছর দলের দুঃসময়ে তিনি কারও পাশে ছিলেন না বলেও অভিযোগ তুলে বক্তারা বলেন, এখন সুযোগ বুঝে মনোনয়ন নিতে মাঠে নেমেছেন তিনি।

বক্তারা আরও বলেন, আকবর আলীর মতো বয়োবৃদ্ধ ও অকার্যকর প্রার্থী দিয়ে উগ্র ও সংগঠিত প্রতিপক্ষ জামায়াতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব নয়। তাঁদের দাবি- দলের দুঃসময়ে পাশে থাকা এবং স্থানীয়ভাবে গ্রহণযোগ্য নেতা আজাদ হোসেনকে যেন পুনর্বিবেচনা করে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়। তাঁদের মতে, তবেই সিরাজগঞ্জ-৪ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করা সম্ভব।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *