
: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসক সূত্রের তথ্য অনুযায়ী, তাঁর হৃদ্যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়ায় শ্বাসকষ্ট বেড়ে গেছে। পরিস্থিতি বিবেচনায় চিকিৎসকেরা তাঁকে আইসোলেটেড পর্যবেক্ষণে রেখেছেন।
দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।
গতকাল রোববার রাত আটটার দিকে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় বেগম খালেদা জিয়াকে। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।
মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফ. এম. সিদ্দিকী সাংবাদিকদের জানান, খালেদা জিয়ার বুকে সংক্রমণ ধরা পড়েছে। হৃদ্যন্ত্রের আগের সমস্যা থাকা অবস্থায় নতুন এই সংক্রমণ ফুসফুস পর্যন্ত ছড়িয়ে পড়ে শ্বাসকষ্ট বাড়িয়েছে। হাসপাতালে নেওয়ার পর দ্রুত প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে অ্যান্টিবায়োটিকসহ জরুরি ওষুধ দেওয়া হয়েছে।
মেডিকেল বোর্ডের আরেক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, আজও বোর্ড বৈঠক হয়েছে এবং তাঁর আরও কিছু পরীক্ষা করা হয়েছে। চিকিৎসকেরা তাঁকে পরবর্তী ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
বিএনপি সূত্রে জানা গেছে, লন্ডন থেকে ছেলে তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমান সার্বক্ষণিকভাবে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর নিচ্ছেন। ঢাকায় হাসপাতালে পাশে আছেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান।
প্রায় ৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদ্রোগ, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান এবং ১১৭ দিন সেখানে থাকার পর গত ৬ মে দেশে ফেরেন। দেশে ফেরার পর থেকে নিয়মিতই স্বাস্থ্য জটিলতার কারণে তাঁকে হাসপাতালে যেতে হচ্ছে।




