
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজ শেষে পৌরসভা বিএনপির উদ্যোগে তাহেরপুরের মসজিদগুলোতে এ দোয়ার আয়োজন করা হয়।
পৌরসভা বিএনপির সভাপতি আবু নঈম মো. শামসুর রহমান মিন্টুর তত্ত্বাবধানে আয়োজিত দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে দোয়ারত মুসল্লিরা বিশেষ মোনাজাত করেন।
শামসুর রহমান মিন্টু বলেন, খালেদা জিয়ার সুস্থতা দেশের মানুষের প্রত্যাশা। কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক পৌরসভার প্রতিটি মসজিদে আজ এই দোয়ার ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য, খালেদা জিয়ার সুস্থতার জন্য শুক্রবার সারাদেশের মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাতের আহ্বান জানিয়েছে বিএনপি। বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন তিনি। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিমের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।



