আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

এনসিপি রাজশাহী জেলা কমিটির ৫ সদস্যের পদত্যাগ – Padmatimes24

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা কমিটির পাঁচ সদস্য পদত্যাগ করেছেন। নবগঠিত জেলা কমিটি বাতিলের দাবিতে বুধবার (৩ ডিসেম্বর) তারা পদত্যাগপত্র কেন্দ্রে পাঠান।

পদত্যাগকারী সদস্যরা হলেন- আজিজুল ইসলাম, মো. আসাদ, মিলন চন্দ্র ঘোষ, মোহাম্মদ আরিফুল ইসলাম ও মো. নঈম ফকির। গত ২৯ নভেম্বর ঘোষিত নতুন কমিটিতে তারা সদস্য পদ পান।

পদত্যাগপত্রে পাঁচ সদস্য উল্লেখ করেন, ২৯ নভেম্বর কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত চিঠিতে নতুন জেলা কমিটি জানানো হয়। সেখানে সাইফুল ইসলামকে আহ্বায়ক করা হয়েছে, যাকে তারা ‘জুলাই আন্দোলনের দোসর’ বলে দাবি করেন।

তারা বলেন, জুলাই আন্দোলনে তারা সম্মুখযোদ্ধা ছিলেন, অথচ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত নন এমন একজনকে সদস্য সচিব করা হয়েছে। বিষয়টি ‘জুলাই আন্দোলনের সঙ্গে বেইমানি’ বলেও মন্তব্য করেন তারা।

পদত্যাগকারী সদস্যরা বলেন, “আমরা এ কমিটি দেখে মর্মাহত। আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে প্রয়োজনে রাজপথে নামব। কমিটি বিলুপ্ত না হওয়া পর্যন্ত আমরা পাঁচজন পদত্যাগ করলাম।”

এ বিষয়ে আজিজুল ইসলাম বলেন, “আমরা আওয়ামী লীগ তাড়ানোর জন্য রাজপথে লড়েছি। অথচ আওয়ামী লীগের দোসরকে কমিটিতে স্থান দেওয়া হয়েছে। আমরা চাই এই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হোক।”

অন্যদিকে এনসিপি রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, “এগুলো ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে কমিটিকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে।”

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *