
: গোপালগঞ্জের সাধারণ মানুষকে ‘মুজিববাদমুক্ত’ করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (১৭ জুলাই) ফরিদপুরে পদযাত্রা শেষে জনতা ব্যাংক মোড়ে পথসভায় এ ঘোষণা দেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘অনেকে কালই গোপালগঞ্জ যেতে চেয়েছিলেন। খুব শিগগিরই আমরা সেখানে যাচ্ছি। গোপালগঞ্জের সাধারণ মানুষকে মুজিববাদ থেকে মুক্ত করবো। তবে সরকারকে সতর্ক করে দিতে চাই- সাধারণ মানুষকে যেন হেনস্তা করা না হয়।’
তিনি আরও বলেন, ‘আমরা ন্যায্য বিচার আদায় না করে রাজপথ ছাড়বো না। এখনো সময় দিচ্ছি- সন্ত্রাসীদের গ্রেপ্তার করুন। তা না হলে আমরা আবারও গোপালগঞ্জ অভিমুখে লং মার্চ করবো। তবে এবার আর ফিরে আসবো না- মুজিববাদ মুক্ত করে তবেই ফিরবো।’
নাহিদ ইসলাম জানান, ‘৬৪টি জেলায় পদযাত্রা শেষ না করে আমরা ঘরে ফিরবো না। আগামী ৩ আগস্ট আমরা শহীদ মিনারে জড়ো হবো জুলাই ঘোষণাপত্র ও সনদ প্রকাশের জন্য। যাই হোক না কেন, এই পদযাত্রা থামবে না। মানুষের মুক্তির এই আন্দোলনে আমরা বিজয়ী হয়েই ফিরবো।’




