
: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘সামনে আমাদের আরও একটি লড়াই আসছে। আমরা সেই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি। কারণ, আমাদের লড়াই অনেকের সাথেই করতে হবে।’
শুক্রবার (১৮ জুলাই) দুপুরে মুন্সিগঞ্জ শহরের কৃষি ব্যাংক মোড়ে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘মুন্সিগঞ্জ মহৎ ও প্রতিবাদী মানুষদের জন্ম দেয়। ইদ্রাকপুর ও বিক্রমপুরের গৌরবময় ইতিহাস ধারণ করে আমরা এই জেলা এগিয়ে নিতে চাই। কিন্তু বর্তমানে মুন্সিগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চলমান। পদ্মা-মেঘনার দাপটে নদীভাঙন অব্যাহত। এসব সমস্যার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মুন্সিগঞ্জ মাথা উঁচু করে দাঁড়াতে চায়।’
তিনি আরও বলেন, ‘মুন্সিগঞ্জের হাজার হাজার মানুষ প্রবাসে রয়েছেন। আমরা সেই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য কাজ করছি। অনেকে বলেন, প্রবাসীদের অবদান নেই- এটা ভুল ধারণা। পরিবারের প্রবাসী সদস্যদের সচেতন ও সরব হওয়ার আহ্বান জানাই। কারণ, তারা বাংলাদেশেরই অংশ।’
এনসিপি নেতারা জানান, দেশের প্রতিটি জেলা ঘুরে মানুষের সঙ্গে সংলাপ চালিয়ে যাবে এনসিপি। সামনে ঘোষিত কর্মসূচিতে মুন্সিগঞ্জবাসীকে ঢাকায় যোগ দেয়ারও আহ্বান জানান নেতারা।




