আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

সালাহউদ্দিনকে ‘নব্য গডফাদার’ বলায় কক্সবাজারে বিএনপির বিক্ষোভ, এনসিপির দুই সমাবেশ পণ্ড

: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে ‘নব্য গডফাদার’ আখ্যা দিয়ে বক্তব্য দেওয়ায় কক্সবাজারের ঈদগাঁও ও চকরিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুটি সমাবেশ বিক্ষোভের মুখে পণ্ড হয়ে গেছে। এ ঘটনায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমাবেশস্থলে ভাঙচুর ও সড়কে বিক্ষোভ করেন।

শনিবার দুপুরে কক্সবাজার শহীদ দৌলত ময়দানে ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে এনসিপির সমাবেশে দলের মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আগে নারায়ণগঞ্জে শামীম ওসমানকে গডফাদার বলা হতো। এখন কক্সবাজারে শিলং ফেরত এক নব্য গডফাদার ঘের ও জমি দখল ও চাঁদাবাজিতে জড়িত।”

এই মন্তব্য গণমাধ্যমে প্রকাশের পর বিএনপির নেতাকর্মীরা কক্সবাজার শহর, ঈদগাঁও ও চকরিয়ায় বিক্ষোভে ফেটে পড়েন। সমাবেশ শেষে দুপুর আড়াইটার দিকে এনসিপির গাড়িবহর ঈদগাঁও ও চকরিয়ার পথে রওনা হয়। ঈদগাঁওয়ে তারা বিএনপির বাধার মুখে সমাবেশ না করেই এগিয়ে যায়।

চকরিয়ায় সমাবেশের জন্য প্রস্তুত একটি ট্রাকমঞ্চ এবং আশপাশের ডিভাইডার ভাঙচুর করে বিক্ষুব্ধ বিএনপি কর্মীরা। এ সময় পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এনসিপির গাড়িবহর বান্দরবানের দিকে চলে যায়।

চকরিয়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, যান চলাচল স্বাভাবিক।”

এদিকে কক্সবাজার শহরে ছাত্রদলের নেতাকর্মীরাও বিক্ষোভ মিছিল বের করে। ব্যানার-ফেস্টুন ছিঁড়ে সড়কে আগুন দেন এবং সংক্ষিপ্ত সমাবেশ করেন। জেলা ছাত্রদলের নেতা ফাহিমুর রহমান বলেন, “সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের অহংকার। তার নামে কুরুচিকর বক্তব্য নাসীরুদ্দীনের পারিবারিক শিক্ষার অভাবের পরিচয়।”

সালাহউদ্দিন আহমদ চকরিয়া-পেকুয়া আসনের তিনবারের সংসদ সদস্য এবং বিএনপির সাবেক প্রতিমন্ত্রী। ২০১৫ সালে ঢাকায় নিখোঁজ হওয়ার পর শিলংয়ে ধরা পড়েন তিনি। প্রায় ৯ বছর পর ২০২৪ সালের আগস্টে দেশে ফিরে আসেন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *